Tuesday, 13 August 2019

হিজিবিজিমালা

হিজিবিজিমালা

একের পিছনে দুই—মাছের খানি—কেটে যাচ্ছে দিন, পিত্তাশয়ে অতিরিক্ত অম্লভাব, অ্যাডিস বৃষ্টির কারণ হয়ে উঠি, আর কিছুদিন গেলে আমায় মাছ বলে ডেকো ৷ আমার গায়ে অজস্র পাতা গজাচ্ছে, গায়ের রোম উবে গিয়ে জেগে উঠছে আদিম একটা দ্বীপ, সুন্দরী গরান গেঁও... বুকের ওপর স্বাদু থাবা বসিয়ে হেঁটে আসছে বাঘ, আমার চোখের দেশে চোয়ানো জল খেয়ে শজারুর কাঁটায় বেঁধা ঘা চেটে চেটে নিচ্ছে— একটানা বৃষ্টির মাঝে রাস্তার খন্দ হয়ে দেখেছো কখনও? কেমনভাবে জলের ছিটেয় কুঁচকে ওঠে তরুণীর মুখ? একটা রাস্তা হয়ে শুয়ে পড়ি মাঠের মাঝ বরাবর ৷ হাল নিয়ে মাটির মতই কৃষকের ফাটা পায়ের স্বাদ বুকে মেখে নেব বলে আজন্ম শুয়ে থাকি—অথবা তোমার আলতাছোপ আর রক্তের মধ্যে তফাৎহীন পা শুঁয়োপোকার মত এগিয়ে আসবে! রাত্রি মাতাল হয়ে চঞ্চু দিয়ে খুবলে নেবে মাথা— তবু আমি নিদ্রাহীন জেগে — নিঃশব্দে মেখে নেব জোনাকির রোদ, আতালিপাতালি এসে আমার সাথে মিশে রাস্তা হয়ে উঠবে তুমি, দেখবে খন্দদের মাঝে কষ্টমেখে বেঁচে আছে শুভ্র দুটি হাঁস—বহুকাল হল যাদের ডানার নিচে মেদের বদলে রক্ত জমে গ্যাছে...



©মানস সবুজ নিয়োগী

No comments:

Post a Comment

প্রদীপ

প্রদীপ অতন্দ্রিল নিষ্পেষণে কেটে যায় দিন, রাতের পাংশু চাঁদ ফুটবলের মত গড়িয়ে নেমে আসে ; পড়ে থাকে— পরিত্যক্ত আবর্জনাস্তুপে ৷ এ পথে অনে...