প্রদীপ
অতন্দ্রিল নিষ্পেষণে কেটে যায় দিন,
রাতের পাংশু চাঁদ ফুটবলের মত গড়িয়ে
নেমে আসে ; পড়ে থাকে— পরিত্যক্ত আবর্জনাস্তুপে ৷
এ পথে অনেকে এসেছে, অনেক পায়ের ক্ষয়—
হৃদয়ের ক্ষতে জল জমে দুর্গন্ধী-মলিন পৃথিবীর মত
আবছা হয়েছে— উবে গেছে স্পিরিটের মত
মানুষের বেদনার নীলাভ মালা— অথবা কর্পূর ৷
কোনোদিন তোমাকে পাবোনা ভাবিনি !
স্বার্থপর মানুষের মত পৃথিবীর অধিকারে
একচ্ছত্র ভোগলিপ্সায় নিভিয়ে ফেলি যাবতীয় টিমটিমে দীপ ৷
রবারের মত ক্ষয়ে ক্ষয়ে মরে যায় চাঁদ ৷
তারপর অন্ধকার— মনে হয় কাপাস ফলের মত
সশব্দে ফেটে গেছে আমাদের মন ; গভীর শূন্যতায় ভেসে
নেমে আসি বাস্তব-বালিতে, কোনো এক
স্রোতহীন মেদহীন নদীর সর্পিল দেহের আলিঙ্গনে,
আকণ্ঠ নিমজ্জনে নিজেকে শীতল-পাণ্ডুর মনে হয়;
মনে হয় অনেককাল নিজেই বাঁচিনি ৷
আবার মানুষ হলে প্রাণভরে বেঁচে নেব,
শিখে নেব মৃতপ্রায় বালিদের দেহে
আগুন জ্বালবার কৌশল— যেভাবে
দীপাবলীর রাতে নিজেকে পুড়িয়ে তুমি জ্বালাতে— প্রদীপ ৷
©মানস সবুজ নিয়োগী